
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপি ভাবনা।
১৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ সচিবালয় আজ জানিয়েছে, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপত্তি আছে বিএনপির। এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী দলটি সংবিধান সংস্কার পরিষদের শপথের আইনিভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে।
বিএনপি বলছে, সংবিধানের বাইরে গিয়ে তারা এখনই এ ধরনের কোনো পরিষদ গঠনের জন্য প্রস্তুত নয়। তাছাড়া আইনে উল্লেখ না থাকায় পরিষদটির শপথ কে পড়াবেন, সেই প্রশ্নও সামনে আসছে। সব মিলিয়ে আগামীকাল মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, ‘স্পিকার-ডেপুটি স্পিকার অ্যাভেইলেবল না থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এটা পড়ানোর সাংবিধানিক এখতিয়ার উনার আছে। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদের যে শপথের কথা বলা হচ্ছে, আইনগতভাবে সেটা পড়ানোর এখতিয়ার তার নেই বলে বিএনপির আপত্তি রয়েছে।
Leave a Reply