না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ
বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শেষ সময়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লেও চিকিৎসকরা সেগুলো নাকচ করেছিলেন। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থামিয়ে চিরবিদায় নিলেন দেশের এই প্রবীণ রাজনীতিক।
তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস দেশবাসী স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে।