শিশু আয়াত হত্যা মামলায় রায়: আসামি আবিরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম: বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
প্রায় সাড়ে তিন বছর আগে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শিশু আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ খণ্ড-বিখণ্ড করে বিভিন্ন অংশ খাল ও সাগরে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয়। এ ঘটনায় প্রথমে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে পরিবারের আবেদনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শিশু আয়াত হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং মামলার একমাত্র আসামি আবির আলীর সম্পৃক্ততা নিশ্চিত হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আয়াতের পরিবারের সদস্যরা।