নির্মাণাধীন মাদরাসার ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার
স্টাফ রিপোর্টার | BDNewsLive24.com
প্রকাশিত: ১৮ জুন ২০২৬
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা’ প্রাঙ্গণের নির্মাণাধীন একটি ওয়াশরুমে মাদক কারবারিরা মাদক মজুত করে রেখেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে সবুজ পলিথিনে মোড়ানো একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া রিভলবারটি আট চেম্বারবিশিষ্ট। অস্ত্রটির ট্রিগার গার্ড ও হ্যামার সম্পূর্ণ অক্ষত রয়েছে। রিভলবারটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি বড় হাতের ‘T’ অক্ষর খোদাই করা ছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এটি একটি নির্মাণাধীন টয়লেট। সেখানে যেকোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “অস্ত্রটির প্রকৃত উৎস এবং কারা এটি সেখানে লুকিয়ে রেখেছিল, তা শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তদন্তের মাধ্যমে অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।