ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত
বিডিনিউজলাইভ২৪ ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২৬
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২২ জুন) ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি প্রতিরোধে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
বিডিনিউজলাইভ২৪-এর সঙ্গে থাকুন, দেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর সবার আগে জানতে।