একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতের উন্নয়নে মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের ৯টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করা হবে।
সভায় মোট ৯টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একনেক সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে জলবায়ু ও কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া চট্টগ্রামের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)’ প্রকল্পের পঞ্চম সংশোধন অনুমোদন করা হয়েছে।
চট্টগ্রামের সাংস্কৃতিক অবকাঠামো আধুনিকায়নে ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও পাস হয়েছে।
স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে জেলা শহরগুলোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীত ও পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ ও পুনর্নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের পথ উন্মুক্ত হয়েছে।
প্রতিরক্ষা ও জ্বালানি খাতে নতুন উদ্যোগ
প্রতিরক্ষা খাতে সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সুবিধা বাড়াতে নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্পও সভায় অনুমোদন পায়।
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদিত দুটি ছোট প্রকল্প সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক নির্মাণ প্রকল্প